ক্যানসার চিকিৎসায় ভ্যাকসিন আসছে। চলতি দশকের শেষের দিকে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে এসব ভ্যাকসিন বাজারে পাওয়া যেতে পারে। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো বায়োনটেকের সহ-প্রতিষ্ঠাতা স্বামী ও স্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
উগুর শাহিন ও ওজলেম তুরেসি নামের এই দম্পতি বলেছেন, গবেষণায় বড় ধরনের সাফল্য এসেছে। তাই আশা করা যাচ্ছে সামনের বছরগুলোতে ক্যানসারের জন্য ভ্যাকসিন আসছে। জার্মানভিত্তিক কোম্পানি বায়োনটেক ফাইজারের সঙ্গে অংশীদারীত্ব এমআরএনএ করোনা ভ্যাকসিন তৈরি করেছে। অধ্যাপক তুরেসি বিবিসিকে জানান, কীভাবে বায়োনটেকের কোভিড ভ্যাকসিনের কেন্দ্রস্থলে এমআরএনএ প্রযুক্তি পুনরায় ব্যবহার করা যেতে পারে। যাতে এটি করোনা ভাইরাসের পরিবর্তে ক্যানসার কোষগুলোতে আক্রমণ করার জন্য প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দেয়।
এক প্রশ্নের জাবাবে অধ্যাপক শাহিন জানিয়েছেন, এমআরএনএ প্রযুক্তিভিত্তিক ক্যানসার ভ্যাকসিন ২০৩০ সালের আগেই সম্ভবত ব্যবহার উপযোগী করা যাবে। তুরেসি বলেন, মহামারি শুরু হওয়ার আগে বায়োনটেক এমআরএনএ ক্যানসারের ভ্যাকসিন নিয়ে কাজ করা শুরু করে। কিন্তু বিশ্বব্যাপী জরুরি অবস্থার মুখে কোভিড ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়। কোম্পানিটির বেশ কয়েকটি ক্যানসারের ভ্যাকসিন ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে বলেও জানান তিনি।

