করোনা হলেও খেলা যাবে

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০২:১০

করোনা ভাইরাস এক অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল পুরো বিশ্বকে। বাদ যায়নি ক্রিকেটও। দুই বছর আগে পুরো বিশ্বেই বন্ধ ছিল সব ধরনের ক্রিকেট। জৈব সুরক্ষা বলয়, আইসোলেশন, কোয়ারেন্টাইন, বলে থুতু নিষিদ্ধসহ আরও কত কী নিয়ম যুক্ত হয়েছে।

তবে ধীরে ধীরে সেই দুরবস্থায় কাটিয়ে আবারও আগের মতো স্বাভাবিকে ফিরতে শুরু করে ২২ গজের লড়াই। তাই এখন করোনা ভাইরাসে আক্রান্ত হলেও ম্যাচে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া ডট কম।

টি-২০ বিশ্বকাপে এবার রাখা হয়নি জৈব সুরক্ষা বলয়। কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলক করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে না। অস্ট্রেলিয়ার নিয়ম শিথিল হওয়ায় এখন করোনা আক্রান্ত হলে আইসোলেশনে যাওয়ার প্রয়োজন নেই। তবে খেলতে পারবেন কিনা সেটা পুরোপুরি নির্ভর করবে দলীয় ডাক্তারের ওপর। করোনা পজিটিভ হয়ে খেলার ঘটনা অবশ্য প্রথম নয়। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে শরীরে করোনা নিয়েই খেলেন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রাহ। শুরুতে মাস্ক পরে অনেকটা দূরে দূরে থাকলেও বোলিংয়ের সময়ে উইকেট উদযাপনে সতীর্থদের সংস্পর্শে দেখা যায় তাকে।

ইত্তেফাক/এমএএম