আমিরাতকে নিয়ে সতর্ক শ্রীলঙ্কা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৬:৩০

টি-২০ বিশ্বকাপ শুরুর আগে অনেকের কাছে শিরোপার জয়ের অন্যতম ফেভারিট ছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপে যেভাবে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লঙ্কানরা তাতে না রাখারও কোনো কারণই ছিল। অথচ শ্রীলঙ্কাকে খেলতে হচ্ছে বিশ্বকাপের প্রথম রাউন্ড। যা মানতে না পারার পাল্লাটাই ভারী। তবে বিশ্বকাপ শুরুর দিনে সেই ধারণায় চিড় ধরিয়েছে নামিবিয়া। লঙ্কানদের পাত্তা না দিয়ে অঘটনের জন্ম দেয় তারা।

জিলংয়ে ৫৫ রানে হারে সুপার টুয়েলভের মসৃণ পথটা কঠিন করে ফেলেছে লঙ্কানরা। বাকি দুই ম্যাচে এখন জয়ের বিকল্প নেই তাদের। আজ একই মাঠে আরব আমিরাতের বিপক্ষে নামবে দাসুন শানাকার দল। পরশুর অবিশ্বাস্য হার তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। তাই আমিরাতকে নিয়েও সতর্ক তারা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেসার চামিকা করুনারত্নে বলেন, ‘হ্যাঁ আরব আমিরাত খুবই ভালো দল। গতকাল (পরশু) নামিবিয়া যেভাবে খেলেছে সেটা তো দেখেছেনই, তাই আরব আমিরাতের বিপক্ষে আমাদের ভালোভাবেই পরিকল্পনা সাজাতে হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে কাল (আজ)।’

আজও অঘটন ঘটলে হয়তো সুপার টুয়েলভে ওঠা হবে না লঙ্কানদের। কেননা বৃহস্পতিবার নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।এশিয়া কাপেও বাজেভাবে হেরে আসর শুরু করেছিল তারা। কিন্তু এরপরই দলের খোলনলচে পালটে যায়।টি-২০ বিশ্বকাপেও কি একই চিত্রনাট্য লিখবে লঙ্কানরা। করুনারত্নের মুখে অবশ্য ভিন্ন কথা, ‘যে কোনো মূল্যেই আমাদের পরের দুই ম্যাচ জিততে হবে। অবশ্যই আমরা শতভাগের চেয়েও বেশি দিব। এশিয়া কাপে আমরা প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছি এবং পরে সবগুলো ম্যাচ জিতেছি। তবে আমরা এখন সেভাবে ভাবছি না কারণ এশিয়া কাপ গত হয়ে গেছে। এটা অতীত। এখন আমাদের বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এটা এশিয়া কাপ নয়—স্থান, কন্ডিশন, দেশ সবকিছুই এখানে ভিন্ন।’

শ্রীলঙ্কার সঙ্গে একবার খেলে জয়ের মুখ দেখেনি আরব আমিরাত। বিশ্বকাপে শুরুটাও তাদের হয়েছে হৃদয় ভেঙে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের হার ভুলে চমক দেখাতে চায় মরুর দেশটি। তেমনটাই বললেন হেড কোচ রবিন সিং, ‘আমরা জিততে পারি এটা ভেবেই খেলায় নামতে হবে আমাদের। শ্রীলঙ্কা টেস্ট খেলুড়ে দেশ বলে হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। তারা আমাদের মতো একই নৌকায় আছে।’

গ্রুপ ‘এ’ এর খেলায় আজ একই মাঠে নামবে নামিবিয়া-নেদারল্যান্ডস। দুই দলই প্রথম ম্যাচে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। অবশ্য এগিয়ে যাওয়ার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। 
আজকের খেলা
নামিবিয়া-নেদারল্যান্ডস, সকাল ১০টা, জিলং
শ্রীলঙ্কা-আমিরাত, সকাল ১০টা, জিলং

ইত্তেফাক/এমএএম