ওয়াসার প্রধান প্রকৌশলীসহ ৭ কর্মকর্তাকে দুদকে তলব

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১১:১৬

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান ও প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলীসহ ৭ কর্মকর্তাকে তলব করেছে দুদক। 

সোমবার (১৭ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি তাদের কাছে পাঠানো হয়। 

আগামীকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) ও বুধবার (২০ অক্টোবর) তাদের হাজির হতে বলা হয়েছে। তলব করা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতি সুবিধা নিয়েছেন।

এদের মধ্যে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী মো. কামরুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, সহকারী সচিব মৌসুমী খানম ও ডেপুটি চিফ ফাইন্যান্স অফিসার রত্নদ্বীপ বর্মণকে আগামী ২০ অক্টোবর হাজির হতে বলা হয়েছে।

১৯ অক্টোবর তলব হাজির হতে বলা হয়েছে- ঢাকা ওয়াসার পরিচালক (উন্নয়ন) মো. আবুল কাশেম, পরিচালক (কারিগরি) এ কে এম সহিদ উদ্দিন ও কো-অর্ডিনেশন অফিসার শেখ এনায়েত আবদুল্লাহকে।

জানা গেছে, মো. আবুল কাশেম, এ কে এম সহিদ উদ্দিন, মৌসুমি খান, রত্নদ্বীপ বর্মণ ও শেখ এনায়েত আবদুল্লাহ অবৈধভাবে নিয়োগ পান। পরে শেখ এনায়েত আবদুল্লাহ, মো. কামরুল হাসান ও আক্তারুজ্জামান নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি পান।

ইত্তেফাক/পিও