মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৩:১০

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) সংশ্লিষ্ট কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী।

এর আগে, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আগের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক এ কে এম ফজলুল হক।

গত ৮ সেপ্টেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুনর্গঠিত ১৩ সদস্যের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে। এতে আগের কমিটির সবাইকে বাদ দেওয়া হয়েছে।

এতদিন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য। পরে তিনি এলডিপিতে যোগ দেন। এছাড়া বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় জড়িতদের কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।

ইত্তেফাক/কেকে