একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ সোমবার মারা গেছেন। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় বনশ্রীতে প্রথম জানাজা শেষে বেলা ১১ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সর্বস্তরের জনগণ সেখানে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসেছেন আসাদুজ্জামান নূর, দিলারা জামান, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, আব্দুন নূর সজলসহ অনেকেই।
শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর বলেন, আমি তাকে কখনো মনোবল হারাতে দেখিনি। অঙ্গীকারবদ্ধ নাট্যকর্মী যারা, তাদের মধ্যে একজন প্রধান ব্যক্তি আজ আমাদের ছেড়ে চলে গেলেন।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেয়া হয়। সেখানে ২য় জানাজার পর পাবনার উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়। পাবনার কৃতী সন্তান মাসুম আজিজ। তাই সেখানেই বাদ এশা দাফন সম্পন্ন শেষে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী শিল্পী।
মাসুম আজিজ দীর্ঘদিন ধরে ক্যানসার ও হৃদরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। চলতি বছরের সেপ্টম্বরের ২৪ তারিখ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ৮ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার বিকেলে তিনি মারা যান।

‘রাজাকার’ হয়ে ফিরছেন আসাদুজ্জামান নূর!