ক্যানসারের সঙ্গে লড়াই কবে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।
আজ (মঙ্গলবার) সকাল ৯টায় বনশ্রীতে প্রথম জানাজা শেষে বেলা ১১ টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানে মাসুম আজিজকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।
এসময় মাসুম আজিজের ছেলে উৎস জামান বলেন, ‘আমার বাবাকে যে দেশের মানুষ কেমন ভালোবাসেন, সেটা বলে বোঝাতে পারবো না। এরজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। গত দশ মাসে আমাদের যে যুদ্ধে যারা পাশে ছিলেন, একসঙ্গে যুদ্ধ করেছেন, তাদের প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।’
তিনি আরও বলেন, “আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন। উনি অনেক সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন, কিন্তু সেই কষ্টটা সন্তানদের স্পর্শ করতে দেননি। মৃত্যুর আগে আমিই বোধহয় শেষ ব্যক্তি, যে বাবার সঙ্গে কথা বলেছি। মৃত্যুর আগ পর্যন্ত উনি আমাকে বলেছেন, ‘আমি ঠিক হয়ে যাবো। তুমি কাঁদবে না’। উল্টো আমাকে সান্ত্বনা দিয়েছেন। বাবা আমাদের এভাবেই সাহস দিয়েছেন। আমার বাবার ওপরে তো আসলে কোনও বাবা হয় না।”
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসেন আসাদুজ্জামান নূর, দিলারা জামান, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, গোলাম কুদ্দুছ, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরীসহ অনেকেই।

