তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা মহামহিম দালাই লামাকে নিয়ে গান করায় পাঁচ তিব্বতিকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে তিব্বতিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি।
তিব্বতের স্থানীয় সংবাদ মাধ্যম পাউলের প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় চীনা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম কুয়াইশোতে একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই পাঁচ তিব্বতি। সেখানে দালাই লামাকে নিয়ে গান পরিবেশন করায় তাদের আটক করে চীনা পুলিশ।
আটক পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় এখনও জানা যায়নি। দিনভর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর একজন অজ্ঞাত সঙ্গীতশিল্পী ও সুরকার ছাড়া আটক চারজনকে ছেড়ে দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে যেকোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে দেরাব নামের এক তিব্বতি শিল্পীকে। এছাড়াও তিনি যেনো সকল উৎসব বা সমাবেশে অভিনয় করা থেকে বিরত থাকেন সে শর্ত দিয়ে মুচলেকা দিতে বাধ্য করা হয় তাকে।
এখন থেকে, দেরাব যদি কখনো কোনো ভার্চুয়াল প্ল্যাটফর্মে লাইভ করার পরিকল্পনা করেন তাহলে তাকে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে প্রতিবেদনে জানিয়েছে।
