আশ্রয় শিবিরে দুই রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৪

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৮:৫৩

কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে কুপিয়ে দুই রোহিঙ্গা নেতা মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত সন্দিগ্ধ আসামী।

গ্রেফতাররা হলেন, ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে শমসু আলম (৫২), মৃত সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে ব্লক-রেইডসহ নানা কৌশলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

গত ১৫ অক্টোবর রাতে ক্যাম্পে কুপিয়ে হত্যা করা হয় রোহিঙ্গা নেতাকে মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে। এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।

ইত্তেফাক/জেডএইচডি