নাম ব্যবহার করে ব্যবসা, মামলা করলেন শচিন

আপডেট : ১৪ জুন ২০১৯, ১৭:২৫

শচিন টেন্ডুলকারের নাম ব্যবহার করে চালানো হচ্ছিল ব্যবসা। একাধিকবার তাদের বারণও করেছিলেন মাস্টার ব্লাস্টার। কিন্তু ব্যাট ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পার্টান-এর কর্তারা তা আমলে নেয়নি। বরং নামের সঙ্গে তার ছবিও ব্যবহার করছিল তারা। এজন্য রয়্যালিটির কোনো অর্থও তাকে দেয়নি প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন শচিন। করেছেন মামলা।  

সিডনির এই প্রতিষ্ঠানটি বছর তিনেক আগে শচিনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুসারে কিংবদন্তির নাম, ছবি ব্যবহার করতে পারত স্পার্টান। শচিনকে ঘিরে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছিল-শচিন বাই স্পার্টান। ভারতীয় লিটল মাস্টারের অভিযোগ, গত বছর সেপ্টেম্বর পর্যন্ত তাকে রয়্যালটি বাবদ কোনো টাকা দেয়নি সংস্থাটি। কিন্তু তার নাম ও ছবি তারা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে যাচ্ছিল। শচিন ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় এই সংস্থার হয়ে প্রচারেও গিয়েছেন।

আরও পড়ুন : বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

রয়্যালটির টাকার দাবি একাধিকবার করেও পাননি ভারতীয় সাবেক ক্রিকেট তারকা। শচিন এরপরই চুক্তি বাতিল করেন এবং তার ছবি ও নাম ক্রীড়াসরঞ্জামে ব্যবহার করতে বারণ করেন। কিন্তু সংস্থাটি কোনও বারণ শুনছিল না। মামলার বিষয়ে স্পার্টানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।  

ইত্তেফাক/কেআই