বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৫:৫৬

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ তে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। তবে তাদের সুপার টুয়েলভে ওঠার সম্ভাবনা এখনো নড়বড়ে। তাই আজ শেষ ম্যাচে প্রবল শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা এক অর্থে বাঁচা-মরার লড়াই। লঙ্কানদের জন্য অবশ্য তা আগে থেকেই। জিতে গেলে সুপার টুয়েলভ নিশ্চিত, অন্যদিকে বাড়ির পথ ধরবে নেদারল্যান্ডস। যদিও বিকল্প উপায়ও আছে। সেজন্য একই দিন গ্রুপের অপর ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় পেতে হবে আরব আমিরাতকে।
 
টানা দুই ম্যাচ জিততে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে ডাচদের। যে কারণে রানরেটটা পোক্ত হয়নি। অন্যদিকে শ্রীলঙ্কা ও নামিবিয়া তাদের থেকে এগিয়ে আছে যোজন যোজন ব্যবধানে। তাই ডাচদের জন্য সমীকরণটা জটিলই। যদিও বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের কাছে এমন সমীকরণ নতুন নয়। হেড কোচ রায়ান কুক বলেন, ‘আমার মনে হয় সবাই জানে এগুলো টুর্নামেন্টের ‘প্রেশার গেম’। বিশ্বকাপ বাছাইপর্বে প্রায়ই এমন ম্যাচের সম্মুখীন হতে হয়। তাই এমন নকআউট ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত।’

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। তারাই এখন বাদ পড়ার শঙ্কায়। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই তারকা পেসার দিলশান মাদুশঙ্কা ও দুশমন্থ চামিরা। আজ খেলতে পারবেন না আরেক পেসার প্রমোদ মাদুশানও। তবে এ নিয়ে খুব একটা চাপে নেই লঙ্কানরা। অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘দলের ভেতর কোনো চাপ নেই। আমাদের শুধু নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। সুপার টুয়েলভে যেতে হলে সেটাই আগে নিশ্চিত করতে হবে। আমরা নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জানি। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, কিন্তু এর থেকেও খুব ভালো দল আমরা।’

আজকের খেলা
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, সকাল ১০টা, জিলং
নামিবিয়া-আমিরাত, দুপুর ২টা, জিলং

ইত্তেফাক/ইআ