আমিরাতকে হারিয়েই সুপার টুয়েলভে খেলতে চায় নামিবিয়া

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৯:০১
বিশ্বকপের প্রথম পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভে নিশ্চিত করতে চায় নামিবিয়া। আসরের প্রথম ম্যাচেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে এখন সুপার টুয়েলভে ওঠাই অনিশ্চিত হয়ে গেছে নামিবিয়ার জন্য।
 
জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে আমিরাতের বিপক্ষে মাঠে নামবে নামিবিয়া।
 
আজকের ম্যাচে জিতলেই সুপার টুয়েলভ প্রায় নিশ্চিত হয়ে যাবে নামিবিয়ার জন্য। গ্রুপের অপর ম্যাচে শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন নেট রানরেটের হিসেবে এগিয়ে থাকা দুই দল চলে যাবে সুপার টুয়েলভে, সেক্ষেত্রে লঙ্কানদের থেকে রানরেটে এগিয়েই থাকবে নামিবিয়া। আর যদি আজ শ্রীলঙ্কা হেরে যায় তাহলে নিজেদের ম্যাচে জয় পেলেই সুপার টুয়েলভে উঠে যাবে নামিবিয়া।
 
এদিকে নামিবিয়ার আজকের প্রতিপক্ষ আরব আমিরাত প্রথম দুই ম্যাচে হারলেও আজ শেষ ম্যাচ জিতে অন্তত সান্ত্বনা নিয়ে ঘরে ফিরতে চায়।
 
সাবেক চ্যাম্পিয়ন ও সদ্য এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বড় অঘটনের জন্ম দিয়েছে নামিবিয়া। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম খেলতে নেমেই চমক দেখিয়েছিলো নামিবিয়া। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার টুয়েলভেও খেলেছিলো তারা। এবারও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আরও বড় চমক দেখালো নামিবিয়া। এশিয়া কাপ জিতে আকাশে উড়তে থাকা শ্রীলঙ্কাকে মাটিতে নামিয়ে আনে তারা।
 
শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানের জয় দিয়ে বিশ্বকাপে পথচলা শুরু করে নামিবিয়া। শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ নিতে হয় নামিবিয়াকে। নেদারল্যান্ডসের কাছে ৫ উইকেটে হারে তারা। শেষ ওভার পর্যন্ত লড়াই করেও হার এড়াতে পারেনি আইসিসির সহযোগী দেশটি।
 
২ ম্যাচে ১ জয় ও ১ হারে টানা দ্বিতীয়বারের মত সুপার টুয়েলভে খেলার সুযোগ এখনও আছে নামিবিয়ার। আরব আমিরাতের বিপক্ষে জিতলেই সুপার টুয়েলভে খেলবে তারা। হেরে গেলেও পরের রাউন্ডে খেলার সুযোগ থাকবে নামিবিয়ার। তখন দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারতে হবে শ্রীলঙ্কাকে। তখন শ্রীলঙ্কা আর নামিবিয়ার পয়েন্ট হবে সমান ২ করে। তবে রান রেটের হিসেবে সুপার টুয়েলভে খেলবে নামিবিয়া। শ্রীলঙ্কার চেয়ে রান রেটে বেশ এগিয়ে নামিবিয়াই। শ্রীলঙ্কার রান রেট ০.৬০০। নামিবিয়ার রান রেট ১.২৭৭।
 
অন্যদিকে, প্রথম দুই ম্যাচ থেকে অর্জনের খাতা শূণ্য থাকলেও, সান্ত্বনার জয়ে বিশ্বকাপ শেষ করতে চায় আরব আমিরাত। অধিনায়ক সিপি রিজওয়ান বলেন, ‘প্রথম ম্যাচে ভালো খেললেও পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে শেষ ম্যাচটা জয়ে রাঙাতে চাই আমরা।’
 
শেষ ম্যাচ জিতলে অবশ্য সুপার টুয়েলভের সুযোগ থাকবে আরব আমিরাতের। সেটিও অনেক যদি-কিন্তুর উপর। নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা হারলে, আরব আমিরাতের কাছে নামিবিয়া হারলে পয়েন্ট টেবিলে নেদারল্যান্ড বাদে বনাকি তিন দলেরই পয়েন্ট হবে ২ করে।। এরপর রান রেটের হিসেবে এগিয়ে থাকলেই যেতে পারবে সুপার টুয়েলভে। রানরেটে শ্রীলঙ্কা ও নামিবিয়ার চেয়ে অনেক বেশি পিছিয়ে। আরব আমিরাতের রান রেট -২.০২৮। তাই শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। আরব আমিরাতের জন্য কাজটা বেশ কঠিনই বটে।
ইত্তেফাক/এসএস