লঙ্কানদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেদারল্যান্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১২:৩৪

টানা দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে এক পা দিয়েই রেখেছে নেদারল্যান্ড। তবে এখনো পুরোপুরি নিশ্চিত নয় ডাচদের সুপার টুয়েলভে যাওয়া। কাঙ্ক্ষিত সেই সুপার টুয়েলভ নিশ্চিত করতেই আজ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামছে নেদারল্যান্ড।

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ড। এখন পর্যন্ত কার্ডিনিয়া পার্কে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করা দলই জয় নপেয়েছে। সে কারণেই হয়তো টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ তে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। তবে তাদের সুপার টুয়েলভে ওঠার সম্ভাবনা এখনো নড়বড়ে। তাই আজ শেষ ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা এক অর্থে বাঁচা-মরার লড়াই। লঙ্কানদের জন্য অবশ্য তা আগে থেকেই। লঙ্কানরা জিতে গেলে তাদের সুপার টুয়েলভ নিশ্চিত, অন্যদিকে বাড়ির পথও ধরতে পারে ডাচরা। যদিও বিকল্প উপায়ও আছে। সেজন্য একই দিন গ্রুপের অপর ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় পেতে হবে আরব আমিরাতকে।

টানা দুই ম্যাচ জিততে প্রচুর ঘাম ঝরাতে হয়েছে ডাচদের। যে কারণে রানরেটটা খুব বেশি উপরে নিতে পারেনি তারা। অন্যদিকে শ্রীলঙ্কা ও নামিবিয়া তাদের থেকে এগিয়ে আছে যোজন যোজন ব্যবধানে। তাই ডাচদের জন্য সমীকরণটা জটিলই। যদিও বাছাইপর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের কাছে এমন সমীকরণ নতুন নয়।

অন্যদিকে, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগানো শ্রীলঙ্কা এখন উল্টো প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায়। ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন দুলের দুই তারকা পেসার দিলশান মাদুশঙ্কা ও দুশমন্থ চামিরা। আজ খেলতে পারবেন না আরেক পেসার প্রমোদ মাদুশানও।

তবে এসব নিয়ে খুব একটা ভাবছেন না লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেন, ‘দলের ভেতর কোনো চাপ নেই। আমাদের শুধু নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। সুপার টুয়েলভে যেতে হলে সেটাই আগে নিশ্চিত করতে হবে। আমরা নিজেদের শক্তিমত্তা সম্পর্কে জানি। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি, কিন্তু এর থেকেও খুব ভালো দল আমরা।’

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম  নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো। 

নেদারল্যান্ড একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও'দাউদ, বিক্রম সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মারউই, টিম প্রিঙ্গল, টিম ভ্যান ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মেকেরেন।

ইত্তেফাক/এসএস