ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিনের বন্ধু। ইউরোপের দুইটি বড় দেশকে নেতৃত্ব দেওয়া এই দুই নেতার মধ্যে একজন সাবেক হলেও তাদের সম্পর্ক নষ্ট হয়নি। দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে আবার যুক্ত হয়েছেন বারলুসকোনি। ইতালির সাবেক নেতা সম্প্রতি জানিয়েছেন, তার বিগত জন্মদিন উপলক্ষে পুতিনের সঙ্গে আবার কথা হয়েছে। একে অপরকে ওয়াইন, ভদকা দিয়েছেন। 'মিষ্টি' চিঠি বিনিময় হয়েছে তাদের। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, সংবাদ সংস্থা লাপ্রেসসে মঙ্গলবার (১৮ অক্টোবর) একটি অডিও রেকর্ড প্রকাশ করেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, অডিওটি গোপনে ধারণ করা হয়। অডিও রেকর্ডে বেরলুসকোনি গত মাসে তার ৮৬তম জন্মদিন উপলক্ষে পুতিনের সঙ্গে মদ ও চিঠি আদান–প্রদান হওয়ার কথা ফোরজা ইতালিয়া পার্টির আইনপ্রণেতাদের বলেছেন।
দলটির নেতা হিসেবে ইতালির প্রধানমন্ত্রী হয়েছিলেন বেরলুসকোনি। জর্জিয়া মেলোনি নেতৃত্বাধীন ইতালির ডানপন্থী নতুন জোট সরকারের অংশ ফোরজা ইতালিয়া।
অডিও রেকর্ডে বেরলুসকোনিকে বলতে শোনা যায়, তিনি পুতিনের সঙ্গে আবার যোগাযোগ শুরু করেছেন। তিনি পুতিনকে তার সত্যিকার পাঁচজন বন্ধুর একজন মনে করেন।
বেরলুসকোনি জানান, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি আবার যোগাযোগ করছেন। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জন্মদিনে উপলক্ষে তাকে ২০ বোতল ভদকার সঙ্গে একটি মিষ্টি চিঠি পাঠিয়েছেন বলে জানান। তিনিও পুতিনকে ইতালিয়ান ওয়াইনের সঙ্গে মিষ্টি চিঠি পাঠান বলে জানান বেরলুসকোনি।
বেরলুসকোনির এসব মন্তব্য নিয়ে ইতালির সংবাদপত্রগুলোর প্রথম পাতায় সংবাদ প্রকাশিত হয়েছে। ফাঁস হওয়া অডিওতে বেরলুসকোনিকে ইউক্রেনে আট মাস আগে শুরু হওয়া যুদ্ধে মস্কোর পক্ষে কথা বলতে শোনা যায়।
বেরলুসকোনির মতে, ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলো যুদ্ধে জড়িয়েছে। এরআগেও অবশ্য পুতিনের পক্ষে অবস্থান নিয়ে বেরলুসকোনি জানান, ডনবাসের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে পুতিন এই যুদ্ধ শুরু করতে বাধ্য হয়েছেন।
