সুপার টুয়েলভে চোখ রেখে টস হেরে বোলিংয়ে নামিবিয়া

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৪:৪০

প্রথম ম্যাচে যাদের হারিয়েছিলো সেই শ্রীলঙ্কা নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপের সুপার টুয়েলভ। এবার নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততে পারলেই নিশ্চিত হবে নামিবিয়ার সুপার টুয়েলভও, আর হেরে গেলেই বাদ প্রথম পর্ব থেকেই। নিজেদের বাঁচা-মরার এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে নামিবিয়া।

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেওয়া নামিবিয়া। নিজেদের বাঁচা-মরার ম্যাচে টস জিতলো প্রতিপক্ষ আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান। টস জিতেই নামিবিয়াকে ফিল্ডিংয়ে পাঠালো আমিরাত অধিনায়ক। 

আসরের প্রথম ম্যাচেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটনের জন্ম দিলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের কাছে হেরে এখন সুপার টুয়েলভে ওঠাই অনিশ্চিত হয়ে গেছে নামিবিয়ার জন্য। আমিরাতের বিপক্ষে জিতলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে নামিবিয়ার জন্য।
 
গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। নিজেদের ৩ ম্যাচ শেষে ৪ পয়েন্টের সঙ্গে তাদের রান রেট এখন (+)০.৬৬৭। সমান পয়েন্ট নিয়েও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও ডাচদের সুপার টুয়েলভে ওঠা এখনও অনিশ্চিত।  কারণ তাদের রানরেট এখন (-)০.১৬২।
 
এখন দিনের দ্বিতীয় ম্যাচে আমিরাতকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার টুয়েলভে চলে যাবে নামিবিয়া। আর রানার্স আপ হয়ে তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে রানরেটের খাড়ায় পড়ে বাদ পড়তে হবে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া নেদারল্যান্ডকে।
 
এদিকে, আমিরাতের কাছে হারলে পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথম পর্ব থেকে বাদ পড়ে যাবে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেওয়া নামিবিয়া।
 
নিজেদের বাঁচা-মরার ম্যাচে একজন ব্যাটারের পরিবর্তে নামিবিয়ার একাদশে এসেছে একজন বোলার। ওপেনার ডিভান লা কুককে বাদ দিয়ে তারা দলে নিয়েছে বাঁ-হাতি পেসার রুবেন ট্রাম্পেলম্যানকে।
 

আর শেষ ম্যাচ জিতে সম্মান নিয়ে ফিরতে চাওয়া আমিরাতের একাদশে এসেছে তিন পরিবর্তন। আরিয়ান লাকড়া, চিরাগ সুরি এবং কাশিফ দাউদের পরিবর্তে আমিরাতের একাদশে এসেছেন আহমেদ রাজা, আলিশান শরাফু এবং ফাহাদ নওয়াজকে।

নামিবিয়া একাদশ : গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), স্টিফেন বার্ড, মাইকেল ফন লিঙ্গেন, নিকোল লফটি-ইটন,  ইয়ান ফ্রাইলিঙ্ক, জেজে স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন (উইকেটরক্ষক), রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কল্টজ, বেন শিকোঙ্গো।

আরব আমিরাত একাদশ : সিপি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), আলিশান শরাফু, আয়ান আফজাল খান, বাসিল হামিদ, ফাহাদ নওয়াজ, কার্তিক মায়াপ্পান, আহমেদ রাজা, জুনায়েদ সিদ্দিকি এবং জহুর খান.

ইত্তেফাক/এসএস