নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ ভাগই স্তন ক্যানসারে ভোগেন

বিএসএমএমইউয়ে স্তন ক্যানসারবিষয়ক সেমিনার

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০১:২৫

নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ শতাংশ স্তন ক্যানসারে ভোগেন। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘সিএমই অন ব্রেস্ট ইমেজিং অ্যান্ড ইন্টারভেনশন’ বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে এ সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগ।

সেমিনারে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার—আইএআরসির হিসাবে, বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজারেরও বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। মারা যান ৬ হাজার ৭৮৩ জন। নারী ক্যানসার রোগীদের মধ্যে ১৯ শতাংশ ভোগেন স্তন ক্যানসারে। সচেতন হলে স্তন ক্যানসার নিরাময় করা সম্ভব। ঝুঁকিতে থাকা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, ২০ বছর বয়স থেকেই নিজে নিজে স্তন পরীক্ষা করা এবং ৩৫ বছররের ওপরের নারীরা ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমানে স্তন ক্যানসার নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। এটি সম্ভবত খাদ্যাভ্যাস, পরিবেশ ও জলবায়ু পরিবেশগত পরিবর্তনের প্রভাবেও হতে পারে। এছাড়া বর্তমানে সচেতনতা ও স্তন ক্যানসার স্ক্রিনিং বাড়ার কারণে এ সমস্যাটি সবার সামনে আসছে। এ ক্ষেত্রে রেডিওলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের সভাপতি অধ্যাপক ডা. মীজানুর রহমান, এসএইচআইবিপিএস-এর রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন  বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি ও ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজা, এসএইচআইবিপিএস সহযোগী অধ্যাপক ডা. বিদুরা তানিম, বারডেমের সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা ইয়াসমিন, বিএসএমএমইউর রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা আলম প্রমুখ।

ইত্তেফাক/জেডএইচডি