যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য অস্থায়ী তাঁবুর আশ্রয়কেন্দ্র বানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিরোধী রিপাবলিকান শাসিত টেক্সাস ও অন্যান্য শহর থেকে পাঠানো মানুষের জন্য জরুরি ভিত্তিতে এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এমন পরিস্থিতির মধ্যেই আগামী মাসের শুরুতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, র্যান্ডালস আইল্যান্ডের এই আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে ৫০০ জন পুরুষ থাকতে পারবেন। ইতোমধ্যে অভিবাসন প্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোনের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম জানান, যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক সংকটের সময় মানবিক সহায়তা প্রদানের রোল মডেল।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসন প্রত্যাশীর অধিকাংশই ভেনিজুয়েলা থেকে এসেছেন।
এরআগে সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসন প্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে।
বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ নেওয়া বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকার কর্মীরা।
