মালয়েশিয়ায় ১৫তম সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৪:২৩

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই মালয়েশিয়ায় ১৫তম সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির চেয়ারম্যান আবদুল গণি সালেহর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ সংবাদ সম্মেলনে আবদুল গণি সালেহ জানান, মনোনয়ন জমার শেষ তারিখ আগামী ৫ নভেম্বর। ১৮ তারিখ স্থানীয় সময় রাত ১১টা ৫৯ পর্যন্ত ১৫ দিন নির্বাচনী প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে।

কিন্তু বর্ষা মৌসুমে নির্বাচন আয়োজনে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী আগাম নির্বাচনের ডাক দেওয়ার পর নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। এর আগে, চলতি মাসের প্রথম দিকে দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন। সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আবার ২০১৮ সালে ৯২ বছর বয়সে দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে।

ইত্তেফাক/ডিএস/কেকে