খুলনায় বিএনপির পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ২১:২৭

খুলনায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিল থেকে থেকে বিএনপির সমাবেশস্থল অতিক্রম করার সময় রাস্তার দুই পাশের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শুক্রবার (২১ অক্টোবর) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ করে মহানগর ও জেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সমাবেশে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় এলাকার বিএনপির সমাবেশস্থল অতিক্রমের সময় রাস্তার দুই পাশের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মিছিল থেকে আমাদের নেতা-কর্মীদের লাগানো অসংখ্য ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।’

তবে মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কারও হাতে লাঠি পর্যন্ত ছিল না। কারা বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়েছে জানি না। তারা যুবলীগ, ছাত্রলীগের কেউ না। এটা বিএনপির মিথ্যা অপপ্রচার।’

ইত্তেফাক/এএএম