উচ্ছেদের নোটিশ দিতেই পুলিশের ওপর ক্ষীপ্ত হয়ে মৌমাছির ঝাঁক লেলিয়ে দিয়েছেন এক নারী। এমনি বিস্ময়কর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের হ্যাম্পডেন কাউন্টির লংমেডো শহরে।
জানা গেছে, লংমেডোতে উচ্ছেদের নোটিশ দিতে গেলে ৫৫ বছর বয়সী নারী ররি উডস পুলিশ কর্মকর্তাদের ওপর মৌমাছি ছেড়ে দেন। পুলিশের ওপর হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
ম্যাস লাইভ জানিয়েছে, ১২ অক্টোবর স্প্রিংফিল্ড ডিস্ট্রিক্ট আদালতে উডস নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ সময় আদালত তাকে জামিন ছাড়া মুক্তি দেন। তবে পরবর্তী শুনানিতে তাকে আবার আদালতে হাজির হতে হবে।
হ্যাম্পডেন কাউন্টি শেরিফ কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, ১২ অক্টোবর কর্মকর্তারা আদালতের জারি করা উচ্ছেদের নোটিশ দিতে লংমেডোতে যান। এ সময় সেখানে থাকা কয়েকজন প্রতিবাদ করতে শুরু করেন। এর কিছুক্ষণ পর অন্য এলাকার এক নারী গাড়িতে করে মৌমাছি বহনকারী একটি ট্রেলার নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি ট্রেলারটি ঝাঁকাতে থাকলে এক সময় ট্রেলারটির কভার ভেঙে যায় এবং শত শত মৌমাছির ঝাঁক বের হয়ে আসে। ওই নারী নিজেকে রক্ষা করার জন্য মৌমাছি পালনকারীদের সুরক্ষা পোশাক পরে ছিলেন। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মৌমাছিরা কামড় দেয়, যাদের মধ্যে কয়েক জনের মৌমাছিতে অ্যালার্জি রয়েছে। উডসকে ব্যাপারটি জানানো হলে তিনি বলেন, 'ওহ, আপনাদের অ্যালার্জি আছে? খুব ভালো!' পরে তাকে গ্রেপ্তার করা হয়।
হ্যাম্পডেন কাউন্টি শেরিফের ফেসবুকে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে বলা হয়েছে, ‘অনেক বছর ধরে হ্যাম্পডেন কাউন্টি শেরিফের সিভিল প্রসেস ডিভিশনে নেতৃত্ব দেওয়ার সময় আমি কখনও এমন কিছু দেখিনি। আমি আশা করি যে প্রতিবাদকারীরা ভবিষ্যতে এ ধরনের কাজ করার আগে পুনরায় ভাববে। কারণ, তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
