পায়ে হেঁটে বিএনপির সমাবেশে যাচ্ছে মানুষ

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১২:৩৯

বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে পায়ে হেঁটে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন। খুলনা মহানগরীতে প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ থাকায় নেতাকর্মীদের এভাবেই আসতে হচ্ছে। 

ষাটোর্ধ্ব রহমত আলী জানান, তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে সমাবেশস্থলে এসেছেন। তিনি জানান, কিছু পথ নসিমন-করিমনে এসেছেন। আর বাকি পথ এসেছেন পায়ে হেঁটে।  

এদিকে, বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে খুলনা থেকে বিচ্ছিন্ন রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টা পর্যন্ত খুলনা থেকে চলাচলকারী সব বাস, মিনিবাস, লঞ্চ এমনকি রূপসাঘাট, জেলখানা ঘাট, দৌলতপুর ঘাট ও দিঘলিয়া খেয়া ঘাটের পারাপারের নৌকা ও ট্রলার বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য খুলনার ওপর নির্ভরশীল আশেপাশের জেলার মানুষ। 

খুলনা মহানগরীর পার্শ্ববর্তী দিঘলিয়া উপজেলার জামাল উদ্দিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু ভৈরব নদীতে খেয়া না থাকায় তাকে হাসপাতালে নিতে অনেক কষ্ট হয়েছে। রাজনীতির নামে আমাদের মতো সাধারণ মানুষকে কেন হয়রানির শিকার হতে হবে?

চাল-ডাল-তেল-গ্যাস-পানি-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, খুন-গুম, দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদ এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন, সংসদ বিলুপ্ত ও সরকার পতনের দাবিতে আজ শনিবার খুলনায় বিএনপির তৃতীয় বৃহত্তর বিভাগীয় সমাবেশ ডাকা হয়েছে। নগরীর সোনালী ব্যাংক চত্বরে দুপুর ২টা থেকে এ সমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইত্তেফাক/কেকে