কিউইদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৩:২২

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম পর্ব  পেরিয়ে বড় দলগুলোর ধুন্ধুমার চার ছক্কার উত্তেজনাঠাসা ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ভক্ত সমর্থকদের। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে তাসমান পাড়ের দুই প্রতিবেশী স্বাগতিক অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড।

আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কিউইদের বিপক্ষে মাঠ নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গত আসরের দুই ফাইনালিস্টের এই লড়াইয়ে টস জিতে প্রতিপক্ষ ব্ল্যাক ক্যাপসদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সুপার টুয়েলভের এই উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে কিউইরা। ১১ মাস আগে গত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েই নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো অ্যারন ফিঞ্চের দল। আজ তাদের মাটিতেই তাদের হারিয়ে বিশ্বকাপের সূচনা করার সঙ্গে গতবারের ফাইনাল হারের জ্বালা একটু হলেও মেটাতে চাইবে ব্ল্যাক ক্যাপসরা।

তবে তাসমান পাড়ের দুই প্রতিবেশীর হাই-ভোল্টেজ এই ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে বেরসিক বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচটি বৃষ্টির কবলে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সিডিনির আকাশ ভেঙ্গে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। 

বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচটি হওয়া নিয়েই আশাবাদী দুই দলই। বৃষ্টি স্বাগতিকদের হতাশ করবেনা বলে মন্তব্য করে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘যে কোন পরিস্থিত সামাল দেওয়ার মতো পরিকল্পনা করতে আপনি যথেষ্ট সময় পেয়েছেন। তাই আপনাকে সহনশীল  থাকতে হবে। আসল বিষয় হচ্ছে বৃষ্টির পরিমাণ কেমন হবে এবং তার দ্বারা ম্যাচ কতটুকু প্রভাবিত হবে। যদি দুই ওভারের হয় তাহলে বলব সেটি খুব একটা পার্থক্যের সৃষ্টি করবে না। যদি ৫ ওভারের হয়, তাহলে বড় একটি পার্থক্যের সৃষ্টি করবে।’

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক হিসেবে আজকের ম্যাচে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। নিজেদের দাপটের ছবিটা সমুন্নতই রাখতে চাইবে অ্যারন ফিঞ্চের দল। 

আজকের ম্যাচে পরিসংখ্যানের এগিয়ে থাকবে অজিরাই। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই প্রতিবেশী মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। সেখানে ক্যাঙ্গারুদের ১০ জয়ের বিপরীতে কিউইদের জয় ৫ ম্যাচে। বিশ্বকাপ পরিসংখ্যানে অবশ্য দুই দলই সমানে সমান। ২০১৬ বিশ্বকাপের নিউজিল্যান্ডের কাছে হারের প্রতিশোধ অজিরা নিয়েছিলো ২০২১ এর ফাইনালে তাদের হারিয়ে। আজ কি কিউইরা পারবে পাল্টা প্রতিশোধ নিতে?

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামছে তাদের বড় তারকা স্টিভেন স্মিথকে ছাড়াই। অবশ্য স্মিথকে যে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সেটি আগেই ইঙ্গিত দিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক জর্জ বেইলি। নিউজিল্যান্ড অবশ্য তাদের পূর্ণ শক্তিমত্তা নিয়েই সিডনিতে ঝাঁপিয়ে পড়বে প্রতিপক্ষের বিপক্ষে।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক),  ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন,ট্রেন্ট বোল্ট।

ইত্তেফাক/এসএস