ইংল্যান্ড ‘বিপদজনক’, বাটলারের হুমকি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৬:১২

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীক্ষিত সুপার টুয়েলভের লড়াই। প্রথম দিনের দ্বিতীয় খেলায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড। 

বিশ্বকাপের থিক আগ দিয়ে আগুনে ফর্ম নিওয়ে বিশ্বকাপ খেলতে এসেছে ইংলিশরা। বিশ্বকাপের আগ দিয়ে পাকিস্তান আর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে থ্রি লায়ন্সরা। 

এমন দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে আসার পর প্রতিপক্ষদের উদ্দেশ্য করে হুমকিও দিয়ে রাখলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 

গত জুনে ইয়ন মরগানের কাছ থেকে সাদা বলের নেতৃত্ব বুঝে পেয়েছেন বাটলার। তার নেতৃত্বেই বিশ্বকাপ মিশনের আগ মুহুর্তে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছে ইংল্যান্ড। এর আগে পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় করে এসেছে ইংলিশরা। 

ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা ভালো অবস্থায় আছি। সর্বশেষ ১০টি ম্যাচে আমরা দারুণ খেলেছি। আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বমঞ্চে নামার আগে আমরা পুরোপুরি প্রস্তুত।’

তবে পাকিস্তানে সিরিজ জয়ের পাশাপাশি দারুন ফর্ম প্রদর্শনের পরও দলকে শিরোপার জন্য একমাত্র ফেভারিট বলতে রাজি নন  বাটলার।

তিনি বলেন, ‘না, আমরা সেটি থেকে অনেক দূরে। তবে মনে হয় আমরা খুবই বিপজ্জনক দল। বেশ কিছু মেধাবী ক্রিকেটার  আমরা দলে পেয়েছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি একটি বিশাল ব্যাপার। যদি (ফেভারিট হিসেবে) শুধু একটি দলকে বেঁছে নিতে বলেন, তাহলে সেটি হবে অস্ট্রেলিয়া। কারণ তারা একদিকে বর্তমান চ্যাম্পিয়ন এবং অপরদিকে নিজেদের মাটিতে খেলতে যাচ্ছে।’

ইঞ্জুরির কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার রিচ টপলি। তার পরিবর্তে দলে এসেছেন টাইমাল মিলস।

ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিং স্টোনস ও মঈন আলীকে সঙ্গে নিয়ে ইংলিশ ব্যাটিং আক্রমনের নেতৃত্ব দিবেন বাটলার নিজে। আর বোলিং আক্রমনে ভালো অবস্থানে আছেন ডেভিড উইলি ও স্যাম কারান।

বাটলার বলেন, ‘আমি খেলোয়াড়দের কাছে অনেকবার বলেছি যে সাদা বলে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ইংল্যান্ড। এদের অনেকেই আগেও খেলেছে। তবে সবাই এই দলটির দিকে তাকিয়ে আছে।’

গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল খেলতে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ইংলিশরা। 

বাটলার বলেন, ‘সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট বড় ‘নির্দয়’। গত আসরের বিশ্বকাপ থেকে আমরা শিখেছি এটি কতটা নির্দয় এবং প্রতিটি ম্যাচে কতটা মনোযোগ থাকতে হবে। ’

ইত্তেফাক/এসএস