‘বিপদে বিদেশ থেকে তারেক জিয়া আসবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না’

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২১:০৭

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘আপনাদের বিপদে বিদেশ থেকে তারেক জিয়া আসবে এ কথা পাগলেও বিশ্বাস করবে না। যাদের নিজেদের দলের মধ্যে গণতন্ত্র নেই, নিজেদের দলের মধ্যে যাদের কোন নিয়ম-কানুন নেই, মা মৃত্যুমুখে জেনেও যে ছেলে (তারেক জিয়া) দেখতে আসেনি, ছোট ভাইকে কবর পর্যন্ত দিতেও যে আসেনি সে কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াবে।’

শনিবার দুপুরে শিবচর পৌরসভার খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবন উদ্বোধনসহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এ সময় চিফ হুইপের সঙ্গে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। 

পরে চিফ হুইপ ডা. আবদুল লতিফ খান ক্রীড়া চক্র উদ্বোধন করেন। এর আগে সকালে চিফ হুইপ বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। বিকেলে বহেরাতলায় আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ উপভোগ করেন।

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, ‘হুসাইন মুহাম্মদ এরশাদ সাহেবের মৃত্যুর পর তার স্ত্রী রওশন এরশাদকে জাতীয় পার্টির নেতা বানানো হয়েছে। কিন্তু এরশাদ সাহেবের ভাই (জিএম কাদের) ভাবির সঙ্গে বেইমানি করছে। হঠাৎ করে চিঠি দিয়ে বলে ভাবির পোস্ট থাকবে না, ভাবিকে নেতা হিসেবে মানি না। যে ভাইয়ের কারণে জিএম কাদের সাহেব বারবার মন্ত্রী হয়েছেন। যে ভাইয়ের কারণে আপনি দলের নেতা হয়েছেন আজকে সেই ভাইয়ের স্ত্রীকে আপনি মানেন না। তাই ভবিষ্যতে আপনি চেয়ার পেলে কি করবেন তা মানুষ বুঝে। যে নিজের ভাবির সঙ্গে বেইমানি করতে পারে সে বাংলাদেশের সঙ্গেও বেইমানি করতে পারে। তাই যাদের নিজের দলের ওপর আস্থা নেই, নিজের পরিবারের ওপর আস্থা নেই তারা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না।’

ইত্তেফাক/এএএম