মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:০৭

বিনোদন রিপোর্ট

‘শনিবার বিকেল’ সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতামূলক বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনের জন্য।

‘শনিবার বিকেল’ ছাড়াও এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ ‘ফিপরেসকি প্রাইজ’ জয়ী এলিয়া সুলেইমান পরিচালিত ‘ইট মাস্ট বি হেভেন’, কান ফেস্টিভ্যালে ‘সার্টেন রিগার্ড’ সেকশনে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত ব্রাজিলিয়ান পরিচালক করিম আইনোজ পরিচালিত চলচ্চিত্র ‘দি ইনভিজিবল লাইফ অফ ইউরিডাইস গুজমাও’, কান ২০১৯-এর ‘ডিরেক্টরস ফোর্টনাইট’ সেকশনে নির্বাচিত চলচ্চিত্র ‘দি অরফানেজ’, একই ফেস্টিভ্যালের কম্পিটিশন সেকশনে নির্বাচিত চলচ্চিত্র ‘দি হুইসলারস’ ও ‘দি ট্রেইটর’।

এছাড়াও আছে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া ‘গাজা’। ৯টি ছবি প্রতিযোগিতা করবে ১ লক্ষ ইউরোর সেরা ছবির পুরস্কারের জন্য। ৫ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা ছবির পুরস্কার তুলে দেওয়া হবে। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। মিউনিখ ফেস্টিভ্যালে ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শিত হবে আগামী ২৯, ৩০ জুন ও ১ জুলাই।