টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।
হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় সকাল ১০টায় ডাচদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে জায়গা পাওয়ায় আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। প্রথম ম্যাচ খেলতে নেমে ডাচদের বিপক্ষে টস ভাগ্যটা ভালো হলো না টাইগার অধিনায়কের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশের আজ প্রথম ম্যাচ হলেও বিশ্বকাপের প্রথম পর্ব খেলে এসেছে নেদারল্যান্ড। অভিজ্ঞতার ঝুলিটা তাদের কিছুটা বাড়তিই টাইগারদের তুলনায়। এদিকে, বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে হারের পর আরেকটি ভেসে গেছে বৃষ্টিতে। হোবার্টের ভেজা আবহাওয়ার কারণে ঠিকমতো অনুশীলনও সারতে পারেনি বাংলাদেশ।
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে প্রস্তুতির কথা তুলে ধরে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘আমরা হোবার্টে এসছি পরে। এখানে তেমন প্রস্তুতির সুযোগ পাইনি। তবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। তবে যত প্রস্তুতি নিই না কেনো, আমাদের প্রয়োজন পারফর্ম করা।’
এদিকে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ডাচ একাদশে এসেছে দুটি পরিবর্তন। রোয়েলফ ফন ডার মারউইয়ের ইঞ্জুরির কারণে ত্যার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন শারিজ আহমাদ। আর টিম ভ্যান ডার গুগটেনের পরিবর্তে খেলবেন লোগান ফন বিক।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, , টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।
