চীনে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন কারা?

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪:১২

পলিটব্যুরোয় মূলত শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সদস্যরাই স্থান পেয়েছেন। ২০তম কংগ্রেসে নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন শি জিনপিং, লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, ডিং জুয়েজিয়াং ও লি জি মিট। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শি জিনপিংয়ের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবেই তারা পলিটব্যুরোয় জায়গা করে নিয়েছেন। ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং ঝ্যাং বিবিসিকে জানান, এ ঘটনা খুবই দুঃখজনক এবং এটি একটি মর্মান্তিক ব্যবস্থা।

২০২৩ সালে লি কেছিয়াং চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেবেন। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ ক্ষেত্রে এগিয়ে আছেন লি কিয়াং। শি জিনপিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ লি কিয়াং।

লি কিয়াং বর্তমানে চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের প্রশাসনিক পদের শীর্ষে রয়েছেন। তার নির্দেশেই সাংহাইতে কঠোর লকডাউন চলে। তবে কঠোর লকডাউনের জন্য লি কিয়াংকে অপছন্দ করে দেশটির অনেকেই।

তৃতীয়বারের মতো চীনা প্রেসিডেন্ট হওয়া শি জিনপিংয়ের জন্য শুধু সময়ের অপেক্ষামাত্র। আগামী মার্চেই আনুষ্ঠানিকভাবে শি জিনপিংকে তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট ঘোষণা করার কথা রয়েছে।

চীনের আগের সংবিধান অনুযায়ী দুইবারের বেশি মেয়াদে কেউ চীনের প্রেসিডেন্ট হতে পারেন না। ২০১৮ সালে সেই সংবিধান সংশোধন করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যরা বন্ধ দরজার পিছনে বৈঠক করেন।

তারপরই তৃতীয়বারের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে শিকে ঘোষণা করা হয়। নির্বাচিত হওয়ার পর শি গণমাধ্যমের উদ্দেশে বলেন, 'চীনকে বিশ্বের প্রয়োজন। চীন বিশ্বকে ছাড়া উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।'

ইত্তেফাক/এআই/ডিএস