চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কংগ্রেস অধিবেশন শেষ হয়েছে। কমিউনিস্ট পার্টি অব চায়নায় বড় রকমের পালাবদল ঘটেছে। অধিবেশনে ২০৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। তবে ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোয় স্থান পেলেন না কোনো নারী। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নতুন কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন সেকেন্ড ইন কমান্ড দেশটির প্রধানমন্ত্রী লি কেছিয়াং। কমিটিতে নেই প্রভাবশালী ওয়াং ইয়াংও।
রোববার (২৩ অক্টোবর) চীনের নতুন পলিটব্যুরোর তালিকা প্রকাশ করা হয়। গত ২৫ বছরের চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে এই প্রথমবার কোনো নারী কমিটিতে জায়গা পাননি।
এরআগে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোয় একমাত্র নারী সদস্য ছিলেন সান চুনলান। ৭২ বছর বয়সী সান অবসর নেওয়ার পর কমিউনিস্ট পার্টি কোনো নারী সদস্যকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নিয়োগ করেনি।
