সিত্রাং : কক্সবাজারে দেয়াল ধসে শিশুসহ আহত ৫

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১০:১৭

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো ও দমকা হাওয়ায় কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের ছাদের উপরের অংশ ধসে পাশের বাড়ির চালে পড়েছে। এ ঘটনায় শিশুসহ ৫ জন গুরুত্ব আহত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারে নুরুল হকের ছেলে আতাউর রহমান মহসিন (৩০) তার স্ত্রী সেলিনা আক্তার (২২) ও তাদের শিশু সন্তান মরিয়ম (২) এবং আব্দুল হকের মেয়ে মারিয়া হাসান (৮) ও নুরুল হকের মেয়ে তাসফিয়া হাসান (১১)।

স্থানীয়রা জানায়, সকাল থেকে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাস আর বৃষ্টি হচ্ছিল। বিকাল সাড়ে ৪টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থিত প্রিতম প্লাজা ভবনের ছাদের উপরের নতুন করে তৈরি করা দেওয়াল ভেঙে পাশের টিনের ঘরের চালে পড়ে বাড়িটি ধসে যায়।

এ সময় বাড়ির ভেতরে থাকা শিশুসহ গুরুতর আহত ৫ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতরা কক্সবাজারে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত আতাউর রহমান মহসিনের পিতা নুরুল হক বলেন, হোয়াইক্যং বাজারের চারতলা প্রিতম প্লাজা ভবনের মালিক মোস্তফা কামাল চৌধুরী মুসা তার ভবনের ছাদের উপরে কোনো প্রটেকশন ও পর্যাপ্ত সিমেন্ট, রড ছাড়াই ইটের গাঁথুনি দিচ্ছিলেন। যা দমকা বাতাসের তোড়ে উপড়ে গিয়ে আমার বাড়ির উপরে পড়ে। ঘটনার আকস্মিকতায় আমার ছেলে ও নাতিসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে ভবন মালিক মোস্তফা কামাল চৌধুরী মুসার মোবাইল নম্বরে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। 

টেকনাফ উপজেলার ইউএনও এরফানুল হক চৌধুরী বলেন, হোয়াইক্যং বাজারের একটি বিল্ডিংয়ের ছাদের দেয়াল ভেঙে পাশের বাড়িতে পড়ে ৫ জন আহত হয়েছে বলে শুনেছি। আহতরা ও ভবন মালিক আত্মীয় বলে জেনেছি। সোমবার সারাদিন ও রাতে সিত্রাং নিয়ে ব্যস্ত থাকায় এ নিয়ে ভাবার সময় হয়নি। আজকে বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।

ইত্তেফাক/পিও