বেনজেমা-মদ্রিচকে ছাড়াই লিপজিগের মুখোমুখি রিয়াল

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৪:১৬

চ্যাম্পিয়নস লিগের নক আউট নিশ্চিত করা থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নক আউট নিশ্চিত করতেই আজ রাতে আরবি লিপজিগের বিপক্ষে মাঠে নামবে ১৪ বারের শিরোপা জয়ীরা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাবে মাদ্রিদের।

নক আউট নিশ্চিত করারা জকের ম্যাচে মাদ্রিদ অবশ্য মাঠে পাবে না সদ্য ব্যালন ডি'অর জেতা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে। তার সঙ্গে রিয়ালের হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা মিডফিল্ডার ফেদে ভালভার্দেও থাকছেন না আজকের ম্যাচে। এই দুজনের না থাকাটা অবশ্য নিশ্চিত ছিল আগের থেকেই।

এর ভেতরেই রিয়ালের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে দলের মিডফিল্ডের কান্ডারি লুকা মদ্রিচের না থাকার খবরটি। প্রতিপক্ষের মাঠের এই ম্যাচে মদ্রিচকে নিয়েই একাদশ সাজানোর পরিকল্পনা ছিলো রিয়াল কোচ কার্লো আনচেলত্তির। তবে শেষ মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষ জানায়, লিপজিগের বিপক্ষে ম্যাচের জন্য জার্মানিতে যাচ্ছেন না মদ্রিচ। 

তবে মদ্রিচের না খেলার বিষয়ে কোনো কারণ দেখায়নি কর্তৃপক্ষ। তবে ইঞ্জুরির কারনেই এই ম্যাচে মদ্রিচ খেলবেন না বলে জানিয়েছেন রিয়াল বস আনচেলত্তি। 

ইতালিয়ান এই কোচ বলেন, ‘তাদের দুজনের (বেনজেমা ও মদ্রিচ) সামান্য শারীরিক সমস্যা রয়েছে। তবে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। আমার মতে, মদ্রিচ এবং বেনজেমাকে এক ম্যাচে খেলানোর চেয়ে এক মাস ফিট পাওয়াটা দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

লিপজিগের সঙ্গে প্রথম দেখায় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় পেয়েছিলো রিয়াল। তবে আজকের ম্যাচটি প্রতিপক্ষের মাঠে, তার ওপরে দলে রয়েছে ইঞ্জুরি সমস্যা। তাই এবার কিছুটা বেশিই সতর্ক থাকতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। 

ইত্তেফাক/এসএস