নিজেদের মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেছে অস্ট্রেলিয়া। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে অজিরা। তার আগে জানা গেলো করোনা আক্রান্ত হয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।
করোনা আক্রান্ত হলেও অবশ্য তেমন সমস্যার কিছু নেই, কারণ এবারের বিশ্বকাপে করোনা আক্রান্ত হয়েও খেলার অনুমতি রয়েছে যেকোন ক্রিকেটারের। করোনা আক্রান্ত হয়েও দুই দিন আগেই আয়ারল্যান্ডের হয়ে মাঠে নামার নজির গড়ে ফেলেছেন জর্জ্জ ডকরেল। আজ শ্রীলঙ্কার বিপক্ষেও খেলার কথাই রয়েছে জাম্পার। অস্ট্রেলিয়া দলের চিকিৎসকের গ্রিন্ম সিগন্যাল পেলেই খেলতে পারবেন এই লেগ স্পিনার।
দলীয় চিকিৎসকের অনুমতি সাপেক্ষে করোনা আক্রান্ত ক্রিকেটারকেও খেলানো যাবে বলে এবারের বিশ্বকাপের শুরুতেই জানিয়ে দিয়েছিলো আইসিসি। তবে শর্ত ছিলো করোনা আক্রান্ত কাউকে খেলাতে হলে দলীয় চিকিৎসকের অনুমতি লাগবে তার। শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসক খেলার অনুমতি দিলেই খেলতে পারবে করোনা আক্রান্ত সেই ক্রিকেটার।
জাম্পা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন কিনা সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে সিএ'র এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, শ্রীলঙ্কা ম্যাচের আগে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন জাম্পা। তবে তার কোনো উপসর্গ তেমন গুরুতর নয়, যার জন্য লঙ্কানদের বিপক্ষে খেলতে কোন সমস্যা নেই জাম্পার।
