ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে বোলিংয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:০৬

নিজেদের ঘরের মাটির বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেছে অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নামবে অস্ট্রেলিয়া।

পার্থ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। 

নিজেদের ঘরের মাঠের বিশ্বকাপ, তার ওপর টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপেই কিনা নিজেদের প্রথম ম্যাচে হেরে বসলো তাসমান পাড়ের প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে।

প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়ার জন্য আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে অ্যারন ফিঞ্চের দল। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আজ লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে আগের ম্যাচের একাদশের উপরেই ভরসা রেখেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে করোনা আক্রান্ত হওয়ায় লেগ স্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় আজ একাদশে সুযোগ অ্যাস্টন অ্যাগার।

অন্যদিকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই নামিবিয়ার কাছে হারার পর টানা দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠেছে কয়েকদিন আগেই এশিয়া কাপের শিরোপা জেতা শ্রীলঙ্কা। সুপার টুয়েলভেও নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে দাসুন শানাকার দল। সেই ম্যাচে একাদশে না থাকা লঙ্কানদের নিয়মিত অধিনায়ক পাথুম নিশাঙ্কা আজ ফিরেছেন স্বাগতিকদের বিপক্ষে। তার জায়গায় একাদশ থেকে বাদ পড়েছেন আশেন বান্দারা।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো।

ইত্তেফাক/এসএস