নিজেদের ঘরের মাটির বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেছে অস্ট্রেলিয়া। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ।
পার্থে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। ৬ বলে ৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন কুশাল মেন্ডিস। ব্যাটে টপ এডজ হয়ে মিড উইকেটে থাকা মিচেল মার্শের হাতে বন্দী হন তিনি। এরপর ক্রিজে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। ওপেনিংয়ে নামা পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।
অজি পেসাররা চাপে রাখে এই দুই ব্যাটারকে। হাত খুলে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হয় দুই লঙ্কান ব্যাটার। তবে, পাওয়ার প্লেতে আর কোন বিপদ ঘটতে দেননি পাথুম নিশাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা। পাওয়ার প্লের ৬ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান।
