হাসান মাহমুদকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা দিনুশা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার সোনাল দিনুশা। আইসিসির মাসসেরা হতে এই লঙ্কান পেছনে ফেলেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও ইংল্যান্ডের ওলি রবিনসনকে। এবারই প্রথম আইসিসির মাসসেরা খেলোয়াড় হলেন গত বছর জুনে অভিষিক্ত দিনুশা। 

আগস্টের সেরা খেলোয়াড় হওয়ার বড় দাবিদার ছিলেন হাসান মাহমুদও। কারণ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে ৯ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার। হয়েছিলেন ম্যাচসেরাও। অন্যদিকে রবিনসন আগস্ট মাসে দুই টেস্টে নেন ১৬ উইকেট। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতানোর নায়ক ইংলিশ পেসার।

Sonal Dinusha wins ICC Men's Player of the Month for August 2026

তবে এসব পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছেন দিনুশা। গত মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে একাই শ্রীলঙ্কাকে টেনেছেন এই তরুণ তারকা। দুই টেস্টের চার ইনিংসে ১৪০ গড়ে তিনি সংগ্রহ করেন সিরিজের সর্বোচ্চ ৪২০ রান। তার ব্যাট থেকে আসে ৩টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরি।

প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত দিনুশা। তিনি বলেন,  ‘এই স্বীকৃতি আমার কাছে অনেক কিছু। বিশেষ করে ক্যারিয়ারের শুরুর দিকে এই পুরস্কার পাওয়া পাওয়া আমার জন্য বিশেষ। এই সম্মানের জন্য আমি আইসিসির কাছে সত্যিই কৃতজ্ঞ।’

ভারতের বিপক্ষে সেই সিরিজের স্মৃতি স্মরণ করে দিনুশা বলেন, ‘ভারতের বিপক্ষে সিরিজটি সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে। তিনটি সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। আর সেটি আরও অর্থবহ হয়েছে কলম্বো ও গলে নিজেদের দর্শকদের সামনে সেঞ্চুরি করতে পারায়।’ 

ইত্তেফাক/জেডএইচ