গুপ্ত সাইবার আর্মি গঠনে গোপনে পাকিস্তানকে সাহায্য করেছে তুরস্ক। জনমত তৈরি, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের মতামতকে প্রভাবিত, সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতকে আক্রমণে এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সমালোচনা রুখতে তৈরি করা হয় এই সাইবার আর্মি। নর্ডিক রিসার্চ অ্যান্ড মনিটরিং নেটওয়ার্ক এই তথ্য জানিয়েছে।
২০১৮ সালের ১৭ ডিসেম্বর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু পাকিস্তান সফরে আসেন। তিনি পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদির সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেন। সেখানেই সাইবার আর্মি গঠনের বিষয়টি আলোচনার টেবিলে স্থান পায়। ব্যাপারটি পাকিস্তানের উচ্চপর্যায়ের কর্তাদের সঙ্গে আলোচনা হয়। তবে ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ স্টাফদের থেকে গোপন রাখা হয়।
তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গোপন সাইবার আর্মি গঠনের ব্যাপারে সবুজ সংকেত দেন। তিনি একইদিনে সোয়লুর সঙ্গে বৈঠক করেন। সেই সময় ইমরান খান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও ছিলেন।
এই গোপন আর্মির বিষয়টি প্রথমবারের মতো ২০২২ সালের ১৩ অক্টোবর প্রকাশ্যে আনেন সোয়লু। 'কাহরামানমারাসের' একটি স্থানীয় টিভি স্টেশনের সাক্ষাত্কারে সোয়লু এই গোপন সাইবার আর্মি গঠনের বিষয়টি স্বীকার করেন। তবে তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন নি। শুধু ইঙ্গিত করেন, তুরস্ক থেকে ৫-৬ ঘণ্টার সরাসরি ফ্লাইটের দেশ।
