বিশ্বকাপের সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুরন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে তানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। দুই দলই এই ম্যাচে তাকিয়ে আছে জয়ের দিকেই। টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালের পথ আরেকটু সুগম করতে চায় কিউইরা, আর প্রথম ম্ম্যাচে হারের পর এই ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় আফগানিস্তান।
ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।
স্বাগতিক ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে গতবারের রানার্স আপ ব্ল্যাক ক্যাপসরা। এই জয়ে ১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড।
দুর্দান্ত জয়ে আসর শুরু করায় দলের মনোবল তুঙ্গে বলে জানিয়েছেন কিউই পেসা ট্রেন্ট বোল্ট। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানকেও হালকাভাবে নিচ্ছেন না এই কিউই পেসার।
আফগানদের সমীহ করেই বোল্ট বলেন, ‘বড় জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত। সকলেই অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান ম্যাচের জন্য আমরা প্রস্তুত। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আফগানদের স্পিন বিভাগ অনেক বেশি শক্তিশালী। তাদের দলে অনেক বড় তারকা ক্রিকেটার আছে। রশিদ-মুজিব-নবী একাই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। তাদের বিপক্ষে খেলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করেছি।’
এদিকে, নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। প্রথম ম্যাচের সেই হারের ধাক্কা সামলে উঠে জয়ের স্বাদ নিতে মরিয়া আফগানরা।
কিউইদের বিপক্ষে জয় নিয়ে আত্মবিশ্বাসী আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। কিন্তু বোলিংয়ে ভালো করেছি। বোলিংই আমাদের প্রধান শক্তি। এর সাথে ব্যাটিংয়ে যদি ভালো করতে পারি, নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু না।’
টি-টোয়েন্টি ক্রিকেটে এরত আগে একবারই মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড আর আফগানিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হওয়া ওই ম্যাচে আফগানদের ৮ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ড।
