মেলবোর্নের আকাশ থেকে বৃষ্টির ধারা ঝরেই চলেছে অবরিত, তার যেন থামতে মানা। অস্ট্রেলিয়ার ক্রিকেট রাজধানীর আকাশ আজ নিজের কান্নার সঙ্গে কাঁদিয়েছে ইংল্যান্ডকেও। এবার সেই কান্নার সঙ্গী হলো নিউজিল্যান্ড আর আফগানিস্তানও। বৃষ্টি আইনে দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরেছে ইংল্যান্ড। আর নিউজিল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্তই হয়েছে বৃষ্টির কারণে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও আজ বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রান হেরে কিছুটা ব্যাকফুটেই চলে গেছে ইংল্যান্ড। এদিকে, আজকের দিনের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে জিতে গ্রুপের শীর্ষস্থান আরেকটু মজবুত করার সুযোগ ছিলো কিউইদের সামনে।তবে সেই ম্যাচটিও ভেসে গেলো বৃষ্টিতে।
নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিলো নিউজিল্যান্ড। অন্যদিকে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় ইংল্যান্ডের। তাদের সামনে আজ সুযোগ ছিলো কিউইদেরত সঙ্গে জিতে জয়ে ফেরার। তবে আফগানদের সেই আশাও অপূর্ণই রেখে দিলো মেলবোর্নের বৃষ্টি।
কিউই-আফগান ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই পেয়েছে ১ পয়েন্ট করে। আগের ম্যাচে জয় পাওয়ায় সর্বমোট তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানেই রইলো ব্ল্যাক ক্যাপসরা। আর ১ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপের তলানিতে মোহাম্মদ নবীর আফগানিস্তান।
