নিজের গাড়ির কাঁচে Z ‘জেড' লিখে শহরময় ঘুরেছিলেন তিনি।এভাবে রাশিয়ার প্রতি সমর্থন জানানোয় তাকে চার হাজার ইউরো জরিমানা করেছে হামবুর্গের আদালত। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
গত মার্চে জার্মানির হামবুর্গ শহরে এক ব্যক্তিকে গাড়ির কাঁচে Z লিখে ঘুরে বেড়াতে দেখা যায়। এ-ফোর সাইজের কাগজে নীল রঙে Z লিখে তা নিজের হাতে গাড়ির কাঁচে ঘুরে বেড়ানোয় তখন তার কিছুই হয়নি। ৬২ বছর বয়সি ওই ব্যক্তিকে কেউ বাধা দেয়নি তখন।
তবে আদালতে তার বিরুদ্ধে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে সমর্থন জানানোর অভিযোগ ওঠে। কোনো শুনানি ছাড়াই আদালত ওই ব্যক্তিকে ৮০দিনে ৬০ ইউরো করে মোট চার হাজার ৮০০ ইউরো জরিমানা করে। রায়ের বিরুদ্ধে আপিল হওয়ায় প্রতিদিন ৫০ ইউরো করে ৮০ দিনে মোট চার হাজার ই্উরো জরিমানার আদেশ দেয় আদালত। অভিযুক্ত ব্যক্তি অবশ্য এই রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারবেন।
জেড কেন আর নিছক একটি বর্ণ নয় রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রুশ বাহিনীর ট্যাঙ্ক ও গাড়িতে Z অক্ষরটি নিয়মিত চোখে পড়ে। রাশিয়ার প্রোপাগান্ডায় এই বর্ণ রুশ বাহিনীর প্রতি সমর্থনের প্রতীক হিসেবে উঠে আসে বারবার।এখন ভ্লাদিমির পুটিনের দেশের বিভিন্ন শহরে পরিধেয় বস্ত্রে এবং বিলবোর্ডে বড় বড় করে লেখা হয় Z । কিন্তু এই চিহ্ন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো রাশিয়ার হামলাকে সমর্থন জানানো হয় বলে জার্মানিতে Z লিখে অন্যদের দেখানো শাস্তিযোগ্য অপরাধ।
