‘আমিরকে আক্রমণ করো’

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:৫৮

বলছেন শচীন টেন্ডুলকার

স্পোর্টস রিপোর্টার

বছর দুয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের শক্তিশালী টপঅর্ডারকে গুঁড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ আমির। ১৬ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানের ট্রফি জয়ের পেছনে বড় অবদান ছিল এই বাঁহাতি পেসারের। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসে চলমান আসরে বল হাতে দারুণ ছন্দে আছেন আমির। টনটনে গত ১২ জুন অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান হারলেও আমিরের বোলিং ছিল ঈর্ষণীয়। ৩০ রানে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। যা বিশ্বকাপে পাকিস্তানের পেসারদের সেরা বোলিং।

আগামীকাল ম্যানচেস্টারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত। ইংল্যান্ডের মাটিতে আমিরের ছন্দ নিয়ে তাই ভাবতেই হচ্ছে ভারতকে। দুই প্রতিবেশীর তীব্র উত্তেজনার লড়াইয়ে বিরাট কোহলি-রোহিত শর্মাদের জন্য বড় হুমকি ২৭ বছর বয়সী এই পাকিস্তান পেসার।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোহিলদের উদ্দেশ্যে শচীন টেন্ডুলকারের পরামর্শ, আমিরের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। ভারতীয় এই সাবেক ব্যাটিং কিংবদন্তি মনে করেন, আমিরকে ডট বল দেওয়ার চিন্তা হবে নেতিবাচক। এই পাক পেসারকে আক্রমণ করাই ভালো মনে করেন তিনি।

ক্রিকেট দুনিয়ার অন্যতম রোমাঞ্চকর ম্যাচ পাক-ভারত লড়াই। আগামীকালকের ম্যাচে আমিরকে সামলানোর জন্য কোহিলিদের জন্য শচীনের টোটকা এমন, ‘আমি তার (আমির) ডট বল খেলার নেতিবাচক মাইন্ডসেট নিয়ে যেতে চাই না। যদি সুযোগ থাকে, আমি ভারতীয় ব্যাটসম্যানদের বলবো তাদের শটস খেলতে এবং ইতিবাচক থাকতে।’

রান রেকর্ডের অধিশ্বর শচীন আরো বলেছেন, ‘এটা শুধু টিকে থাকার বিষয় নয়। এর চেয়ে ভালো ওখানে গিয়ে ইতিবাচকভাবে বল ঠেকানো। ভিন্ন কিছু করার প্রয়োজন নেই। আমাদের আক্রমণাত্মক হতে হবে সব বিভাগে। শারীরিক পরিভাষা খুব গুরুত্বপূর্ণ। তাতে আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে ঠেকানও বোলার জানবে আপনার নিয়ন্ত্রণ আছে।’

শচীনের ধারণা আগামীকাল পাকিস্তান টার্গেট করবে কোহলি ও রোহিত শর্মাকে। সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘লাইনআপের (ব্যাটিং) সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রোহিত ও বিরাট। নিঃসন্দেহে তাদেরকে শুরুতেই আউট করার দিকেই ফোকাস করবে পাকিস্তান। তাতে ম্যাচটা তাদের দিকে ঝুঁকে যাবে।’

এবং এই দুই ভারতীয় ফেরাতে আমির ও ওয়াহাব রিয়াজকে কাজে লাগাবে পাকিস্তান। এই অভিজ্ঞ পেসারদের হাতেই থাকবে তাদেরকে ফেরানোর দায়িত্ব। শচীন বলেছেন, ‘নিশ্চিতভাবে শুরুতে তাদের (রোহিত, কোহলি) উইকেট টার্গেট করবে আমির, ওয়াহাব। কিন্তু রোহিত, ভিরাটকে লম্বা ইনিংস খেলার দিকে নজর দিতে হবে। পরিকল্পনা হওয়া উচিত বাকিরা তাদেরকে ঘিরে খেলবে।’

বিশ্বকাপে এখনো অপরাজিত ভারত। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৫। চার ম্যাচে পাকিস্তানের সংগ্রহ ৩ পয়েন্ট। ম্যানচেস্টারে পাক-ভারত লড়াই শুরু হবে আগামীকাল সাড়ে ৩টায়।