ভিলিয়ার্সের চাপ নেন না ডুসেন

আপডেট : ১৪ জুন ২০১৯, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার

গত বছর মে মাসে হুট করে এবি ডি ভিলিয়ার্স অবসর নেওয়ায় দক্ষিণ আফ্রিকার লোকজন নিশ্চয়ই হতাশ হয়েছিলেন। তবে কপাল খুলেছে এই ঘটনায় রাসি ভ্যান ডার ডুসেনের। ডি ভিলিয়ার্স অবসর না নিলে জাতীয় দলেই খেলা হতো না; বিশ্বকাপ বহুদূর।

এবার বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে খেলতে এসে খুব খারাপও করছেন না ডুসেন। ডি ভিলিয়ার্স এর মধ্যে আবার বিশ্বকাপের আগে আগে দলে ফিরতেও চেয়েছিলেন। ডুসেন বলছেন, এই খবরে তিনি বিষ্মিত হননি। তবে ডি ভিলিয়ার্সের আরও আগে এই ইচ্ছাটা প্রকাশ করা উচিত ছিলো বলে ডুসেন মনে করেন। সেই সাথে তরুণ এই ব্যাটসম্যান বলে দিয়েছেন, তিনি দলে ডি ভিলিয়ার্সের জায়গা পূরণ করার চাপ কখনো নেন না।

ডি ভিলিয়ার্স বিশ্বকাপ দল ঘোষণার দিন দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন যে, তিনি ফিরতে চান। এই খবরটা ডুসেনকে বিব্রত করেছে কি না জানতে চাইলে তরুণ এই আফ্রিকান বললেন, এটা আসলে তার বিষয় নয়, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসলে সেরা লোক নই। কারণ আমি এই ঘটনায় সম্পৃক্ত নই। এটা ঠিক যে, সে অবসর না নিলে আমার ক্যারিয়ার হয়তো প্রভাবিত হতো।’

ডুসেন বলছেন, ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তি খেলোয়াড়কে তিনিও দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ খেলতে দেখতে চাইতেন। কিন্তু সাবেক এই দক্ষিণ আফ্রিকান ব্যাপারটা ঠিক মতো সামলাতে পারেননি বলে তার বিশ্বাস, ‘আপনি তো দল ঘোষণার ঠিক আগের দিন, যখন কি না দল এক বছর ধরে প্রস্তুত হয়ে গেছে, সেই সময়ে এসে বলতে পারেন না যে-আমি এখন দলে ফিরে আসতে চাই।’

ডুসের বলছিলেন যে, ডি ভিলিয়ার্স ভুল করেছেন না ঠিক করেছেন, সে মন্তব্য তিনি করতে চান না। তবে এই সময়ে তাকে দলে নিলে সেটা একটা জটিল উদাহরণ তৈরি করতো বলে তার বিশ্বাস, ‘আমি বলছি না যে, সে ভুল ছিলো বা সে ঠিক ছিলো। আমাকে ভুলভাবে উদ্ধৃত করবেন না। তবে এটা (তাকে দলে নেওয়া) এটা জটিল দৃষ্টান্ত তৈরি করতো। বলছি না যে, দৃষ্টান্তটা খারাপ হতো। কারণ লোকটা তো এখনও এবি। সে এখনও বিশ্বসেরা খেলোয়াড়। আমি শুধু মনে করি, সে চাইলেই এর চেয়ে ভালোভাবে এই বিষয়টা সামলাতে পারতো।’

ডুসেন মনে করেন, দক্ষিণ আফ্রিকা দল ডি ভিয়ার্সকে ফেরার মতো যথেষ্ট দরজা বিভিন্ন সময় তৈরি করে দিয়েছে। কিন্তু সেই সুযোগগুলো এই সিনিয়র ব্যাটসম্যান নেননি, ‘আমি যেমনটা মনে করি, ওটিস (গিবসন, কোচ) ও ফাফ (ডু প্লেসি, অধিনায়ক) তাকে যথেষ্ট সুযোগ দিয়েছে। তারা ওকে বলেছে যে, তুমি এমনভাবে নিজের কাজটা বন্টন করো, যাতে বিশ্বকাপের আগে তুমি সতেজ থাকতে পারো।’

তবে এসব আলোচনায় ব্যস্ত থাকতে চান না ডুসেন। তিনি নিজের কাজে মন দিতে চান। এমনকি দলে তিনি ডি ভিলিয়ার্সের জায়গাও নিতে চান না, ‘আমাকে কী তার জায়গা নিতে হবে? আমার মনে হয় না, আমাকে তা করতে হবে। আমি কী দলকে ম্যাচ জেতানো ইনিংস খেলার ক্ষমতা রাখি? আমার মনে হয়, আমি সেটা পারি। ফলে আমি নিজের কাজটাই করবো।’