প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৯:৩১

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামবে বাংলাদেশ।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। টসে জিতে বাংলাদফেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। 

বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে দুর্দান্তভাবেই বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ২০০৭ সালের পর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছে বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ শুরু হয়েছে তিক্ত এক অভিজ্ঞতার ভেতর দিয়েই। জিম্বাবুয়ের বিপক্ষে নিশ্চিত জয়ী হওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়াদের। বৃষ্টির কারণে জয়ের দ্বারপ্রান্তে থাকা দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ হয়ে গেছে পরিত্যক্ত। তাদের কাছেও আজকের ম্যাচে একটি জয় যেন চাইই চাই।

প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামছে একটি পরিবর্তন নিয়ে। ইয়াসির রাব্বির জায়গায় আজ টাইগার একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

দক্ষিণ আফ্রিকার একাদশেও আজ এসেছে একটি পরিবর্তন। পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে প্রোটিয়া একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি। 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্তান স্টাবস, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে, তাবরাইজ শামসি।

ইত্তেফাক/এসএস