দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে বোলিংয়ে নেমেছিলো বাংলাদেশ। তবে পাওয়ার প্লে'র খেলাও শেষ করা যায়নি বৃষ্টিবাঁধায়। পাওয়ার প্লে'র শেষ ওভার চলাকালীন সিডনির আকাশ জুড়ে নামে বৃষ্টির ধারা। আর তাতেই বন্ধ হয়ে যায় খেলা।
এর আগে টস হেরে দক্ষিন আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে নামে সাকিব আল হাসানের দল। প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে বাংলাদশকে উড়ন্ত সূচনা এনে দেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তবে এরপর আর তেমন সুবিধা করতে পারেননি অবশ্য।
প্রথম ওভারেই উইকেট নেওয়ার পর আর দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের তোপের মুখেই পড়ে বাংলাদেশ। কুইন্টন ডি কক আর তিনে নামা রাইলি রুশো মিলে তান্ডব চালিয়েছেন টাইগার বোলারদের ওপর। বাংলাদেশের কোনো বোলারই থামাতে পারেনি প্রোটিয়া ব্যাটারদের তান্ডব, বরং বৃষ্টি এসেই থামিয়েছে তাদের।
মিরাজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে শুরু করেন ডি কক। তারপর থেকে যেন খাপখোলা তলোয়ারের মত চলেছে ডি কক-রুশোর ব্যাট।
প্রথম ওভারে উইকেট তুলে নিলেও তাসকিনের করা তৃতীয় ওভার থেকেই ২১ রান তুলেছেন দুই ব্যাটার মিলে। চতুর্থ ওভারে হাসান মাহমুদ বোলিংয়ে এসেও সুবিধা করতে পারেননি তেমন।
মিরাজের করা পঞ্চম ওভার থেকে দুই ছক্কায় রুশো একাই তুলেছেন ১৪ রান। পাওয়ার প্লে'র শেষ ওভারের প্রথম তিন বল খেলা হওয়ার পরি এসসিজির আকাশজুড়ে বৃষ্টি নামায় বন্ধ হয়ে যায় খেলা।
বৃষ্টির আগে ৫.৩ ওভারে ১ উইকেটেি ৬০ রান তুলে ফেলেছে দক্ষিন আফ্রিকা। কুইন্টন ডি কক ১২ বলে ২১ রানে আর রাইলি রুশো ১৭ বলে ৩৫ রান নিয়ে ক্রিজে আছেন।
