স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের মতো বড় আসরে পরিবারের সঙ্গ পেলে মনোযোগ সরে যেতে পারে— এমন ভাবনা অনেক টিম ম্যানেজমেন্টই ভেবে থাকে। তবে, নিউজিল্যান্ড দলের কোচ গ্যারি স্টিড ভাবছেন ঠিক এর উল্টোটা। তিনি মনে করেন বিশ্বকাপের মাঝে বিরতির সময়টাতে খেলোয়াড়দের চাঙ্গা রাখতে পরিবারই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের সময় পরিবারকে সাথে রাখতে পারবেন না ক্রিকেটাররা। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) তাই, অজি ক্রিকেটাররা তাই পরিবারের সঙ্গ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
যদিও, পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা নিউজিল্যান্ড দলের ভাবনাটা পুরোপুরিই ভিন্ন। তারা বরং পরিবারকে পাশে রাখতে খেলোয়াড়দের উত্সাহিত করছে। দলের কোচ গ্যারি স্টিড বলেন, ‘বিশ্বকাপের সময় বিরতিটা ভালোভাবে কাজে লাগানো খুব জরুরি। এজন্যই পরিবারকে সব সময় পাশে থাকতে হয়।’
বিশ্বকাপে গেল শুক্রবারে বৃষ্টির কারণে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ায়নি। দুদল পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ১৯ জুন, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে বড় একটা বিরতি পাচ্ছে ব্ল্যাক ক্যাপরা।
এই বিরতিতে খেলোয়াড়রা যথেষ্ট ছাড় পাচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। কোচ বলেন, ‘আমরা এখন বার্মিংহ্যাম যাবো। তবে, খেলোয়াড়রা চাইলে পরিবারের সাথে এই সময়টা অন্য কোথাও থাকতে পারে। কয়েকটা দিন তো ওরা আপনজনের সাথে কাটানোর জন্য ছুটি পেতেই পারে।’
