জয়ের বিকল্প নেই অজি-ইংলিশ কারো সামনেই

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৬:২৪

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই দুই দলের কারো সামনেই। 

মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার গ্রুপ-১ এর সবগুলো দলই খেলেছে ২টি করে ম্যাচ। সর্বোচ্চ ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে নিউজিল্যান্ড। সমান ২ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে এরপরেই রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আফগানিস্তান। 

গ্রুপের প্রতিটি দলের বাকি থাকা ৩ ম্যাচে পা ফসকালেই বিপদে পড়তে হবে দলগুলোকে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই কোনো দলের কাছেই। 

আগামীকাল গ্রুপের বড় ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার বড় দুই দাবিদার স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিক অস্ট্রেলিয়া।

তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে অ্যারন ফিঞ্চের দল। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে অজিরা। বোলারদের নৈপুণ্যের পর ১৮ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন অলরাউন্ডার মার্কাস স্টোয়নিস। ১৭ বলে অর্ধশতক করে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন স্টোয়নিস।

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অঘটনের শিকার হয় ইংলিশরা। বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হেরে যায় ইংলিশরা। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয় স্থানে ইংলিশরা আর পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 

আপাতত রানরেটের দিকে না তাকিয়ে কালকের ম্যাচে জয় তুলে নিতে চান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ হারের স্মৃতি ভুলে আমরা এখন জয়ের মধ্যে আছি। এই ধারাটা ধরে রাখতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেমির পথে ভালোভাবে টিকে থাকতে হলে, জিততেই হবে। নয়তো পরের দিকে বড় চাপের মধ্যে পড়তে হবে। পরের ম্যাচের দিকে না তাকিয়ে ইংল্যান্ডের বিপক্ষে জিততেই মাঠে নামবো আমরা।’

এ দিকে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইংল্যান্ডও। দলের টপ-অর্ডার ব্যাটাসম্যান ডেভিড মালান বলেন, ‘আয়ারল্যান্ডের কাছে হারটি ভুলে গেছি আমরা। আমাদের সব মনযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের ম্যাচটি। নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সেটিই দেখিয়েছে তারা। আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।’

তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার বড় ধাক্কা খেয়েছে উইকেটরক্ষক ম্যাথু ওয়েড করোনা আক্রান্ত হওয়ায়। এর আগে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা করোনার কারণে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে, তার পরিবর্তে খেলেছিলেন অ্যাস্টন অ্যাগার। 

তবে ওয়েড খেলতে না পারলে বেশি সমস্যায় পড়তে হবে অজিদের। কারণ অস্ট্রেলিয়া দলে ওয়েড বাদে স্বীকৃত কোনো উইকেটরক্ষক নেই। ওয়েডের পরিবর্তে যাকে ভাবা হয়েছিলো উইকেটরক্ষকের জায়গায় সেই জশ ইংলিশও ইঞ্জুরিতে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। গুঞ্জন শোনা গেছে, অয়েড শেষ পর্যন্ত খেলতে না পারলে হয়তো ডেভিড ওয়ার্নারকেই দাঁড় করিয়ে দেওয়া হতে পারে উইকেটের পেছনে। 

ইত্তেফাক/এসএস