জগন্নাথপুর গার্লস স্কুল সড়ক
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি গার্লস হাই স্কুল সড়কটি বিভিন্ন স্থানে ভেঙে ব্যাহত হচ্ছে যান চলাচল। পৌর এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কটির নাজুক দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটির দুরাবস্থার কথা তুলে ধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। তিনি জানান, সড়কটি দ্রুত সংস্কারে পৌরসভা কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা পরিষদের ডাকবাংলো, সাব-রেজিস্ট্রি অফিস, কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারি গার্লস হাইস্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথ জিয়াউর আশ্রম কেন্দ্রীয় মন্দির এবং পশু ও প্রাণী সম্পদ হাসপাতালে যাতায়াতের একমাত্র সড়কটি এখন রীতিমত দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।
তাছাড়া, জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের সাথে সংযুক্ত ডাকবাংলো রোডের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খালের ওপর ব্রিজটির মাঝামাঝি স্থানে ফাঁটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ব্রিজটির করুন দশা এবং অ্যাপ্রোচে বিশাল গর্তের পাশাপাশি প্রায় অর্ধ-কিলোমিটার সড়কটিতে খানাখন্দকের সৃষ্টি হওয়ায় যাতায়াত সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণ। বেহাল সড়ক ও ব্রিজটির কারণে প্রতিনিয়ত রিকশা, মোটরসাইকেল, টমটমসহ ছোট-বড় যানবাহন এবং শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
জগন্নাথপুর এলাকার বাসিন্দা আজাদ আলী জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়ে শিক্ষার্থী এবং জনসাধারণ ঝুঁকি নিয়ে হেঁটে যাতায়াত করছেন। এ ব্যাপারে পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক জানান, সড়ক ও ব্রিজটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
