মাগুরছড়া দুর্ঘটনার ২২তম দিবস

ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতি আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ার গ্যাসকূপ সম্মুখে তিনটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন হয়। পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য রক্ষা কমিটি, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং কমলগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় নির্মল এস পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুজন কমলগঞ্জ উপজেলা শাখার সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ, বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখার সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ, জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ আজাদ মান্না, মোনায়েম খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন শর্মা নিধু প্রমুখ। বক্তারা বলেন, মাগুরছড়া গ্যাসকূপে বিস্ফোরণের ২২ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোনো ক্ষতিপূরণ দেয়নি মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানি অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীববৈচিত্র্য, রেলপথ ও সড়ক পথের ক্ষতিপূরণে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি    —ইত্তেফাক