জনদুর্ভোগ চরমে
পটুয়া-জামালপুর রাস্তার আড়াই কিলোমিটার কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির পাঁচ দিন পরেও রাস্তাটি চলাচলের উপযোগী না হওয়ায় এলাকাবাসী ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানায়
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া-জামালপুর রাস্তার আড়াই কিলোমিটার কাঁচা থাকায় সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টির পাঁচ দিন পরেও রাস্তাটি চলাচলের উপযোগী না হওয়ায় এলাকাবাসী ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানায়। শুক্রবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে পটুয়া-জামালপুর রাস্তার পাইকপাড়া গ্রামের বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করা হয়।
ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মাসুদ, জাকির, সাদ্দাম বলেন, দীর্ঘদিন থেকে দেখে আসছি রাস্তাটি শুধু মাপযোগ হচ্ছে পাকার কোনো খবর নেই। রাস্তাটি পাকা হওয়া খুব জরুরি। ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি। স্থানীয় সংসদ সদস্যকেও বার বার বলেছি তিনি বলেছেন হবে হবে। জামালপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর একমাত্র যাওয়া-আসার রাস্তা এটি।
পাইকপাড়া গ্রামের জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জীবন, শাম্মি, খেলাফত, রহমান জানায়, বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে ৩-৪ দিন যাতায়াত করা যায় না। তার পরেও রাস্তা বাদ দিয়ে অন্যের বাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় অন্যের গালাগালিও খেতে হয়।
জামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে ও অভিভাবকদের স্থানীয় বড় বাজার শিবগঞ্জে যাওয়ার প্রধান সড়ক পটুয়া-জামালপুর। এখন বর্ষা শুরু হয়নি তাতেই এই অবস্থা
রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, প্রতি বছর ট্রলিতে করে ইট ভাটার গুঁড়া ইট রাস্তাটিতে দেওয়া হয়। তার পরেও কিছুদিন পরপর রাস্তাটির অবস্থা খুব খারাপ হয়। পাকা রাস্তা না হওয়া পর্যন্ত এলাকাবাসীর দুর্ভোগ কমবে না।
জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, রাস্তার এক পাশে জামালপুর আরেক পাশে রহিমানপুর তার পরেও ৪০ দিনের কর্মসূচির লোকদের পাঠানো হয়েছিল পাশে মাটি না পাওয়ায় জামালপুরের খারাপ অংশ মেরামত সম্ভব হয়নি।
পাইকপাড়া গ্রামের আইনুল হক বলেন, দেশে অনেক উন্নয়ন হয়েছে। ঠাকুরগাঁওতে অনেক এলাকার রাস্তা পাকা হয়েছে। অথচ পটুয়া-পাইকপাড়া-জামালপুরের রাস্তা জনবহুল হওয়া সত্ত্বেও পাকা হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির এক প্রকৌশলী বলেন, ঠাকুরগাঁও জেলায় যে কয়টি রাস্তা পাকা হওয়া বাকি আছে তার মধ্যে পটুয়া-জামালপুর রাস্তাটি উল্লেখযোগ্য। তার পরেও কেন পাকা হচ্ছে না সেটা বলতে পারছি না।
সদর উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মহোদয়ের নির্দেশে পটুয়া-জামালপুর রাস্তাটি ২০১৮ সালে মাপযোগ শেষে প্রাক্কলন করে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, অনেক রাস্তা পাকা করার প্রস্তাব পাঠানো হয়েছে। তালিকায় সে রাস্তাটিও আছে।
