কুড়িগ্রামে একটি সেতুর অভাবে দুর্ভোগে সাত গ্রামের মানুষ

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৪

কুড়িগ্রাম প্রতিনিধি

আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই যুগে মাত্র একটি সেতুর অভাবে সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার সাত গ্রামের মানুষ। পাঁচগাছি ইউনিয়নের ভেলুরহাট, ব্যাপারীপাড়া, নয়ারহাট, কালীগঞ্জ, মোল্লারহাট, চৌমুহনী ও আলামিনবাজার এলাকার মানুষজন নানা ভোগান্তিকে সঙ্গি করে যাতায়াত করছেন শহরে।

উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভেলুরহাটের বাসিন্দা মজিবর রহমান ও কালীগঞ্জের আশরাফুল আলম জানান, দুর্গম চরাঞ্চল খ্যাত এসব এলাকাবাসীর শহরে সড়ক পথে চলাচলের একটি মাত্র পথ এটিই। এ পথ দিয়েই সাত গ্রামের মানুষ জীবন জীবিকা নির্বাহে জেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। শিক্ষার্থীরাও কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে এ পথেই।

পাঁচগাছি ইউনিয়নের নয়ারহাটের আতাউর রহমান জানান, ব্যবসায়ীরা পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য এ পথে শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে না পারায় খরচ বেড়ে গেছে। শুকনো মৌসুমে চলাচল কিছুটা উপযোগী হলেও বর্ষার ভরা মৌসুমে পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউপি চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এ পথ দিয়ে চলাচলের একমাত্র মাধ্যম  নৌকা। আর তাই শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে চলাচল করতে হয় ঝুঁকি নিয়ে। এ পথে একটি সেতু নির্মিত হলে সাত গ্রামের মানুষের  যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি জীবনযাত্রার মানেরও উন্নয়ন হবে। তবে বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করা হলে তিনি সামাধানের আশ্বাস দিয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ জানান, সাত গ্রামের মানুষের ঝুঁকিপুর্ণ যাতায়াতের বিষয়টি অবহিত হওয়ার পর তা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। সেই মোতাবেক সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। যা অতি শিঘ্রই বাস্তবায়নের মুখ দেখবে।