গোপালগঞ্জে বিরল প্রজাতির চারটি গন্ধগোকুল শাবক উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৬

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে থেকে উদ্ধারকৃত বিরল প্রজাতির চারটি গন্ধগোকুল শাবককে খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে গোপালগঞ্জ বন বিভাগের ফরেস্টার ও ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের ফরেস্টার মো. মামুন-অর-রশীদের কাছে এসব প্রাণী হস্তান্তর করেন। এ সময় ওই কেন্দ্রের আরো পাঁচ সদস্য উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ বন বিভাগের ফরেস্টার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান বলেন, বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের ডাঙ্গার মধ্যে একটি তাল গাছের পাতা কাটতে ওঠে অপূর্ব নামে এক কিশোর। সেখানে ওঠার পর শাবকগুলোর মা তাল গাছ থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। পরে অপূর্ব ওই তাল গাছ থেকে চারটি গন্ধগোকুলের শাবক নিচে নামিয়ে আনে। শাবকগুলো দেখতে স্থানীয় উত্সুক জনতা ভিড় জমায়। খবর পেয়ে আমরা বুধাবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করি। এরপর খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে খবর দেই। সেখান থেকে ছয় সদস্যের একটি টিম গোপালগঞ্জে এসে গন্ধগোকুলের চারটি বাচ্চা নিয়ে যায়।

খুলনা বন্যপ্রাণী রক্ষা, উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের ফরেস্টার মো. মামুন অর-রশীদ জানান, ‘উদ্ধারকৃত প্রাণীর গায়ের রং ও আকৃতি দেখে গন্ধগোকুল হিসেবে চিহ্নিত করা হয়। এরা রাতের বেলায় লোকালয় থেকে মুরগি, কবুতরের বাচ্চা, ফল, সবজি, তাল, খেজুর রস, কীট-পতঙ্গ সংগ্রহ করে জীবন ধারণ করে। গন্ধগোকুল ইঁদুর ও ফল ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে থাকে।