কুমিল্লায় ইয়াবা ও মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারি আটক

আপডেট : ১৪ জুন ২০১৯, ২২:০৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিল্লাল হোসেন ও শাহাদাত হোসেন নামে দুই চোরাকারবারিকে ইয়াবা ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী ও সদর দক্ষিণ উপজেলার একবালিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুমিল্লা ১০ বিজিবির সদস্যরা তাদের আটক করে। শুক্রবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানায়, বিজিবির একাধিক টিম শুক্রবার ভোরে জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে আসার সময় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার শুভপুর গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে বিল্লাল হোসেনকে (৬৫) আটক করা হয়। বিজিবির অপর একটি দল জেলার সদর দক্ষিণ উপজেলার একবালিয়া নামক স্থান হতে ৭০ বোতল ফেনসিডিলসহ উপজেলার কুডোরিয়াপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে শাহাদাত হোসেনকে (২৩) আটক করে। এ ছাড়া বিজিবি পৃথক টিম সীমান্তের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল মদ ও আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল জব্দ করে।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, আটককৃত চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।